অবসরপ্রাপ্ত বিচারক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। পাশাপাশি তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, এ মর্মে ১৫ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিচারপ্রত্যাশীর সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল। গত বুধবার বার কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে বার কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের কাছ থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা-সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। উল্লিখিত সংবাদমতে আইনজীবী মাসদার হোসেন বিষয়টি স্বীকার করে নিয়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিল ১৫ এপ্রিলের সভায় সবার সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এই বিষয়ে তার (মাসদার হোসেন) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উচ্চ আদালতে বিচার বিভাগ পৃথককরণের মামলায় অন্যতম বাদী হয়ে আলোচনায় আসেন মাসদার হোসেন। অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ছিলেন তিনি।
