আসকের নির্বাহী পরিচালকের দায়িত্বে তাহমিনা রহমান

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ এএম

মানবাধিকারকর্মী তাহমিনা রহমান মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত বুধবার নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সংস্থাটির নির্বাহী পরিচালকের দায়িত্ব নেন তিনি। গতকাল বৃহস্পতিবার আসকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তাহমিনা রহমান মানবাধিকার, নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং ডিজিটাল অধিকারের ক্ষেত্রে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

শিক্ষাজীবনে তাহমিনা রহমান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ থেকে গবেষণা ফেলোশিপ অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। তিনি আসকের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক (২০১৯-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আসকের বিভিন্ন নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত