দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজীতে অতিষ্ঠ রেলের কর্মকর্তা-কর্মচারীরা। অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে আইনি ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগি সংশ্লিষ্টরা। শনিবার (১৮এপ্রিল) বেলা ৪টায় পার্বতীপুর রেলওয়ে জংশনের বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র ও এসএসএই (ওয়ার্কস) এর সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনকালে এ দাবি জানান কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষোভ মিছিলে রেলের চারটি দপ্তরের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, এসএসএই (ওয়ার্কস) দপ্তরের নিরাপত্তা প্রহরী ইমাম হোসেন ও টলিম্যান আবুল বাসার প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তারা চাঁদাবাজ, দখলবাজ ও মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি জানান। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হলে রেলে পশ্চিমঞ্চলে বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করা হবে বলে তারা জানান।
পার্বতীপুর রেলওয়ের উর্ধতন উপ-সহকারি প্রকৌশলী (ওয়াকর্স) মো. রাজা আলী শেখ বলেন, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তার দপ্তরে গিয়ে ২ লাখ টাকার চাঁদা দাবি করে কয়েকজন যুবক। চাঁদা না পেয়ে তারা তাকে প্রাণনাশের ও কিভাবে পার্বতীপুরে চাকরি করেন তা দেখের নেয়ার হুমকি দেন। তিনি এঘটনায় আজ শনিবার (১৮এপ্রিল) সকালে রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পার্বতীপুর রেলওয়ের থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, এঘটনায় পার্বতীপুর রেলওয়ের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী (ওয়াকর্স) মো. রাজা আলী শেখ একটি লিখিত অভিযোগ করেন। তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
