এসএসসি পরীক্ষায় কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পরীক্ষা চলাকালে রাজধানীর কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি অর্ডিন্যান্স নং-III/১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো.  সরওয়ার।

আজ শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

আগামী ২১ এপ্রিল থেকে প্রতিটি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলেও গণবিজ্ঞপ্তিতে বলা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত