ঘোষণা করা হয়েছিল আগেই। এবার নতুন যাত্রা শুরু করলেন দক্ষিণী লেডি সুপারস্টার বলে খ্যাতি অর্জন করা নয়নতারা। প্রথমবারের মতো সালমান খানের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। তাদের নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক ভামশি পেডপাল্লি। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘এসভিসি৬৩ ’। গতকাল শনিবার মুম্বাইয়ের গোরেগাঁওতে একটি বড় আয়োজনের অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে সিনেমার প্রথম শিডিউলের শুটিং শুরু হয়েছে। মূল কাজ শুরু হবে আগামী আগস্টে। প্রায় তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় শুটিং শেষ করে আগামী বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতার।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে জানা গেছে, নতুন এ সিনেমায় সালমান খানকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে। নয়নতারার চরিত্রটিকেও বেশ শক্তিশালী এবং গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ফুটিয়ে তোলা হবে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন অনীল কাপুর ও দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী।
এসভিসি৬৩ সিনেমার মাধ্যমে প্রথমবার সালমানের সঙ্গে কাজ করছেন জাতীয় পুরস্কারজয়ী তেলেগু পরিচালক ভামশি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক সাফল্যের পর তার বলিউডের এই প্রজেক্ট ঘিরে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মনে। এর আগে তিনি ‘ইয়েভাডু’, ‘ওপিরি’, ‘মহর্ষি’, ‘ভারিসু’সহ বেশ কিছু হিট সিনেমা বানিয়েছেন। এসভিসি৬৩ প্রযোজনা করছেন জনপ্রিয় তেলেগু প্রযোজক দিল রাজু। সালমান, ভামশি ও দিল রাজু এই ত্রয়ী মিলে বিশাল বাজেটের অ্যাকশন ড্রামা উপহার দিতে যাচ্ছেন।
এদিকে এই সিনেমার কাজ শুরুর পাশাপাশি ‘মাতৃভূমি’ নিয়েও ব্যস্ত সালমান। আগে এ সিনেমার নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। মুক্তির কথা ছিল চলতি মাসেই। তবে সিনেমার নামের পাশাপাশি চিত্রনাট্যে একাধিক দৃশ্যে বদল আনা হয়েছে।