আর্সেনাল-ম্যানসিটি অলিখিত ফাইনাল আজ

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য কি আজ নির্ধারিত হয়ে যাচ্ছে? ইতিহাদ স্টেডিয়ামে যখন ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল মুখোমুখি হবে, তখন সমীকরণটা অত্যন্ত সরল হয় এসপার, নয় ওসপার। ম্যানচেস্টার সিটির মাস্টারমাইন্ড পেপ গার্দিওলা তো সরাসরিই বলে দিয়েছেন, ‘এই ম্যাচে হারলে আমাদের শিরোপার লড়াই সেখানেই শেষ।’

বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে গানার্সরা। সিটির চেয়ে পরিষ্কার ৬ পয়েন্টে এগিয়ে মিকেল আর্তেতার দল। তবে গার্দিওলার হাতে একটি ম্যাচ বেশি আছে। অর্থাৎ, আজ যদি সিটি জিতে যায়, তবে ব্যবধান কমে দাঁড়াবে ৩ পয়েন্টে। আর যদি আর্সেনাল জয় ছিনিয়ে নেয়, তবে ২২ বছর পর শিরোপা জয়ের পথে তারা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা ছিলেন বেশ অকপট। তিনি বলেন, ‘অবশ্যই যদি আমরা হারি, তবে লড়াই শেষ। আমাদের সামনে আর কোনো দ্বিতীয় সুযোগ নেই।’ সিটি বনাম আর্সেনাল লড়াইকে কেন্দ্র করে গার্দিওলা স্বীকার করেছেন যে, জানুয়ারি ও মার্চে বেশ কিছু ড্রয়ের কারণে তারা সুযোগ হাতছাড়া করেছিলেন। কিন্তু এখন সিটি তাদের সেরা ফর্মে আছে। টানা তিন ম্যাচে আর্সেনাল, লিভারপুল ও চেলসিকে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিটিজেনরা।

দীর্ঘ ২২ বছর প্রিমিয়ার লিগ না জেতার যে আক্ষেপ, সেটিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান মিকেল আর্তেতা। সাম্প্রতিক সময়ে বোর্নমাউথের কাছে হার এবং ভক্তদের দুয়োধ্বনি সত্ত্বেও আর্তেতা ভেঙে পড়ছেন না, ‘সাফল্যের এই আকাক্সক্ষাই সবার জন্য ‘ভিটামিন’ হওয়া উচিত। আমরা যা-ই করি না কেন, এই জেদটাই যেন আমাদের আরও ভালো করার প্রেরণা দেয়; যেন আমাদের ক্ষুধা আর ইচ্ছাশক্তি নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে।’

আর্তেতা আরও যোগ করেন, ‘আমরা এমন একটি বিষয়ের বিরুদ্ধে লড়ছি যা আমরা পরিবর্তন করতে পারব না আর তা হলো ২২ বছরের ট্রফি খরা। কিন্তু এই পরিস্থিতিতে থাকাটা চাপের চেয়ে বেশি আমাদের জন্য এক বড় সুযোগ এবং প্রিভিলেজ।’

আর্সেনাল স্কোয়াড বর্তমানে প্রতিভায় ঠাসা। সমর্থকরা প্রায়ই হতাশ হন যখন দেখেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা মাঠে নিজেদের সহজাত সামর্থ্য বা সৃজনশীলতা পুরোপুরি ফুটিয়ে তুলতে পারছেন না। তবে আর্তেতা এই নিয়ন্ত্রিত কৌশলেই খেলছেন কারণ তিনি মনে করেন এটিই আর্সেনালকে চ্যাম্পিয়ন করার সেরা উপায়; আর যদি তারা শিরোপা জিততে পারে, তবে খুব কম মানুষই তার এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে।

আর্সেনাল শিবিরে বড় ধাক্কা হয়ে এসেছে তারকা উইঙ্গার বুকায়ো সাকার চোট। তিনি এই হাই-ভোল্টেজ ম্যাচে থাকছেন না। তবে আরেক উইঙ্গার ননি মাদুয়েকে সুস্থ হয়ে ফিরতে পারেন। যদি মাদুয়েকে ফিট না থাকেন, তবে ১৬ বছর বয়সী বিস্ময় বালক ম্যাক্স ডাউম্যানকে মাঠে নামাতেও দ্বিধা করবেন না আর্তেতা। অন্যদিকে সিটির জন্য স্বস্তির খবর হলো, ডিফেন্ডার নিকো ও’রিলি পুরোপুরি সুস্থ আছেন।

দুই দলের বাকি লড়াই

আর্সেনাল : ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম), ফুলহাম (হোম), ওয়েস্ট হ্যাম (অ্যাওয়ে), বার্নলি (হোম), ক্রিস্টাল প্যালেস (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি : আর্সেনাল (হোম), বার্নলি (অ্যাওয়ে), এভারটন (অ্যাওয়ে), ব্রেন্টফোর্ড (হোম), বোর্নমাউথ (অ্যাওয়ে), ক্রিস্টাল প্যালেস (হোম), অ্যাস্টন ভিলা (হোম)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত