ফরিদপুরে সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ এএম

ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সহিংসতায় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ বিরোধ চলছিল। সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি এলাকায় তুচ্ছ বিষয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ধ্যার পর পার্শ্ববর্তী ছোট বালিয়া গ্রামে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ছোট বালিয়া গ্রামের জাহিদ মাতুব্বরের সমর্থকরা প্রতিপক্ষ নুরু মাতুব্বরের লোকজনের আলেম মাতুব্বর, লুৎফর মাতুব্বর, ইছাহাক মাতুব্বর ও সাজাহান মাতুব্বরসহ অন্তত ৮ থেকে ১০টি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় মিরান মুন্সি ও দেলোয়ার মাতুব্বরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে পাল্টা হামলা চালায় নুরু মাতুব্বরের পক্ষের লোকজনও। এতে জাহিদ মাতুব্বরের পক্ষের শফি শেখসহ কয়েকজনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকলে তা আশপাশের গোয়ালপাড়া, খোয়াড় ও ভাবুকদিয়া গ্রামেও ছড়িয়ে পড়ে। গোয়ালপাড়া গ্রামে ইলিয়াস মাতুব্বর, উচমান খাঁ, রব্বান ও আলী মাতুব্বরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। একই সময়ে মজিবুর সিকদারের একটি দোকানে লুটপাটের অভিযোগও উঠেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টহল জোরদার করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান জানান, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’

পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত