ঠাকুরগাঁওয়ে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখেন, ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গতকাল শনিবার দুপুরের দিকে সদর উপজেলার রেজা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়াল উপেক্ষা করে কিছু মোটরসাইকেলকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে গ্রাহকদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের বাগ্বিত-া একপর্যায়ে মারামারিতে রূপ নেয়। এর প্রতিবাদে তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধে রোগী, শিক্ষার্থী ও দূরপাল্লার বাসযাত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দুর্ভোগে পড়েন। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক সুজিদ জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’