চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের কিল ঘুষিতে কৃষক শফিউল আলমের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি সাইদুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে শনিবার (১৮ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম রিংকু উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানায়, আগেরদিন ১৭ এপ্রিল খৈয়াছরা ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ঘটনার পর নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি রিংকুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিংকুকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।