ঝিনাইদহ শহরের প্রধান পোস্ট অফিস মোড় এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিং চতুর্থতলা ভবনে কাজ করার সময় তৈয়ব আলী (৪৪) নামে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছেন। গতকাল রবিবার ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে আক্তার ফার্মেসি মার্কেটে রঙের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুজন শ্রমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় দড়ির মই ঝুলিয়ে রঙের কাজ করছিল। ভবনের তৃতীয় তলার মাত্র দেড় ফট দূরত্ব দিয়ে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তৈয়ব আলী নিচেই পড়ে যায়। তৈয়ব আলীকে বিদ্যুৎ স্পৃষ্ট হতে দেখে আশপাশের দোকানে কাজ করা কয়েকজন ছুটে এসে ৪ তলার ছাদ থেকে রঙের বালতির দড়ি দিয়ে তাকে ওপরে তোলার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তৈয়ব আলী আবারও বিদ্যুতের লাইনের ওপর থেকে নিচেই পিচ রাস্তার ওপর পড়ে যায়। এ সময় তার মাথা ফেটে ব্যাপক রক্তপাত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
