শ্মশান থেকে কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের ঠিকানা এখন স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে তাকে সমাজসেবা কার্যালয়ের অধীনে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে শিশুটি।
স্থানীয়রা জানান, গত শুক্রবার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগলখাইয়া নামক গ্রামের শ্মশানে এক নবজাতককে দেখতে পান স্থানীয় সন্ধ্যা রানী দে ও প্রমোদ কুমার দে দম্পতি। পরবর্তী সময়ে তারা নবজাতক কন্যাটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নিজের হেফাজতে রাখেন এবং লালন-পালনের ইচ্ছা প্রকাশ করেন। তবে বিষয়টি জানাজানি হলে অনেকেই বাচ্চাটিকে লালন-পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং দত্তক নিতে আগ্রহী হন। পরবর্তী সময়ে প্রশাসনের নজরে এলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি সদস্য থুইচি মং মারমা বলেন, কন্যাশিশুটিকে কারা শ্মশানে রেখে গেছে সেটা আমরা নিশ্চিত করতে পারিনি। তবে রাজস্থলী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিশুটির চিকিৎসার জন্য রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, শিশুটিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শিশুটির কোনো ওয়ারিশ রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য উপজেলায় মাইকিং করা হবে। কোনো ওয়ারিশ পাওয়া না গেলে আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্রহী দম্পতি বা ব্যক্তিকে শিশুটিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করব আইনি প্রক্রিয়ায়।