সারা দেশে হাম-রুবেলার টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলার গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। আগামী এক মাসের মধ্যে এক কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল আরও তিন শিশুর হামে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি এবং আরেক সরকারের ভুলনীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। আগামীতে যাতে এ ধরনের সংকট না হয়, সে জন্য ছয় মাসের টিকা মজুদ রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
টিকা ক্যাম্পেইনের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে।’
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন প্রমুখ। জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে সকাল থেকেই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্কসংলগ্ন লিটল এঞ্জেলস সেমিনারে আয়োজিত ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা বিবেচনায় রেখে সব ধরনের টিকা ও সরঞ্জামাদি সংগ্রহ করার পরিকল্পনা করছি। এটাও নিশ্চিত করব, যাতে সবসময় আমাদের হাতে ছয় মাসের টিকা মজুদ থাকে এবং কোনো ধরনের সংকট তৈরি না হয়।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকারগুলো সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছি।’
মন্ত্রী বলেন, ‘আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকর ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চারা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পায়। অনেক মা বিভিন্ন কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না।’ বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। সে সময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. রাজেশ নারওয়াল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ অন্যরা।
স্বাস্থ্যমন্ত্রী পরে রাজধানীর শাহজাদপুরে লাইট ফেয়ার স্কুলকেন্দ্রে ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর কার্যক্রম পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্র থেকে আগত বিশেষ দূত চার্লস হার্ডার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুর্নীতি আর ভুলনীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
গতকাল সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী ‘হাম টিকাদান ক্যাম্পেইন’-উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। তিনি বলেন, ‘সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এর মূলে রয়েছে বিগত ১৫ বছরের সীমাহীন জঞ্জাল। ১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরে অন্তর্বর্তী সরকারের টিকাদান কর্মসূচিতে ভুলনীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করে সারা দেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। আর এক মাসের মধ্যে দেশের আরও এক কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, ‘পুরনো অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব এমন এক ভগ্নপ্রায় স্বাস্থ্য ব্যবস্থা আমরা পেয়েছি। এমন এক স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি, যেখানে হাসপাতালগুলোতে চিকিৎসার ন্যূনতম পরিবেশ নেই। হামের মতো দ্রুত সংক্রামক ব্যাধি মোকাবিলায় শিশুদের সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা যেত। কিন্তু সঠিক সময়ে টিকা না পাওয়ায় শিশুরা আজ আক্রান্ত হচ্ছে।’
ভগ্নপ্রায় অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘পুরো দেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছি। এরই মধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের পাঁচ সিটি করপোরেশন এলাকায় আরও পাঁচ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।’
এর আগে গত ৫ এপ্রিল ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া শুরু করা হয়। এরপর ১২ এপ্রিল ঢাকার দুই সিটি এবং বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে শিশুদের টিকা দেওয়া শুরু হয়।
এক দিনে আরও ৩ শিশুর মৃত্যু : এক দিনে হামে এবং হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ১৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত তিন হাজার ৬১৭ হামের রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ২২০ শিশুর। এদের ৩৭ জন হামে এবং ১৮৩ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছে।
সারা দেশের খবর : হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গতকাল সোমবার দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোয় সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। দেশের ১৮ জেলার ৩০ উপজেলা, চার সিটি করপোরেশনসহ সব এলাকা মিলিয়ে প্রায় এক কোটি ৭৮ লাখ শিশুকে এ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১২ মে পর্যন্ত। হাম-রুবেলা টিকা নিয়ে দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট
সিরাজগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেছেন, কেবল টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব। যেটা বিগত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলে ভুলনীতি নেওয়ার কারণে এ টিকাদান ব্যাহত হয়েছিল। ২০২০ সালের পর ২০২৫-এ আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল, যেটি সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থা তৈরি হয়েছিল, সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল। ফলে দেখা গেল মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরাও কাজ করার সুযোগ পাননি এবং অনেকেরই বেতনভাতা নিয়েও সমস্যা হচ্ছে। সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলার শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। অন্যদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পিপি আদম সুফি, জেলা যুবদলের সদস্য সচিব নুরুজ্জামান বাবুসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা, শিশুরা নিয়ে অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু ও ভর্তি সংখ্যা বাড়ছে। সর্বশেষ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ৪১ শিশু, আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮০ জন। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডা. মোহা. গোলাম মাওলা। তিনি জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে আনা ১১ মাস বয়সী এক শিশুকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি মারা যায়। হামের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন ভূঞা, থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকরাম হোসাইন, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন মুন্সি, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. মহিউদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. আলাউদ্দিন, মো. আরশাদুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রের সম্মেলনকক্ষে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রের পরিচালক ডা. মিথিলা ইসলাম, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আনোয়ারুল ইসলাম, ডা. আলী হাসান ফরিদ জামিল ও ডা. কায়সার হামিদ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে শুরু হয়েছে হাম-রুবেলা ক্যাম্পেইন। সোমবার সকালে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া মাদ্রাসায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অভিভাবক।
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নাটোর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জেলায় এক হাজার ৮১৫টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রাফি আবির।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ২০ হাজার ৯২১ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার গোপালগঞ্জ পৌরসভার হলরুমে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : হামের প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
গাজীপুর প্রতিনিধি : হাম-রুবেলা রোগের নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসব্যাপী সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল সোমবার সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শাহরিয়ার নজির প্রমুখ ।