সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেপ্তারে রেড নোটিসের জন্য চিঠি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৪৬ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদকে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিস’ জারির ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে। গত সোমবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দিয়েছে বলে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। নিজ কার্যালয়ে তিনি বলেন, আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে আছেন বলে প্রসিকিউশন নিশ্চিত হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই রাতে র‌্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে মতিঝিল থেকে হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেয়। এ অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দাখিল করে হেফাজতে ইসলাম। গত ১৯ জুলাই এ মামলার তদন্তের খসরা প্রতিবেদন হাতে পায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শাপলা চত্বর মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের একজন আজিজ আহমেদ, যিনি শাপলা চত্বরের ঘটনার সময় বিজিবির মহাপরিচালক ছিলেন।

নিজ কার্যালয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে আমরা জেনেছি। যখন এটি নিশ্চিত হয়েছি তখন আমরা ইন্টারপোলের সাহায্য নিয়ে তাকে রেড নোটিসের মাধ্যমে গ্রেপ্তার করে আনার জন্য গতকাল এনসিবিতে চিঠি দিয়েছি। এনসিবি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ তিনি আরও বলেন, এই মামলার অন্য আসামিদের অবস্থান নিশ্চিত হওয়া গেলে তাদের বিষয়েও ইন্টারপোলের সহযোগিতা চেয়ে এমন চিঠি দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত