ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫১ এএম

ঢাকার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফরিদা খানম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কর্মরত আছেন। ঢাকার বর্তমান জেলা প্রশাসকের দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হবেন। ঢাকার বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হয়েছে। ফরিদা খানমই ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন।

ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি জেলা প্রশাসক হয়ে চট্টগ্রামে গিয়েছিলেন। এক বছর পর তাকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়।

ফরিদা খানম ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত