একে অন্যকে দায়ী করছে ছাত্রদল ও শিবির

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে জড়িতদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। সংঘর্ষের ঘটনায় আহত শিবিরকর্মী আশরাফুল ইসলামকে দেখতে এসে গতকাল বুধবার সকালে নগরের পাঁচলাইশে একটি বেসরকারি হাসপাতালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘এটা তো পরিষ্কার, ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলার সঙ্গে জড়িত। হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। যারা আহত হয়েছেন, তাদের থেকে তথ্য নিয়ে মামলা করা হবে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য এ সহিংসতা করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, শিবিরের সন্ত্রাসীরাই ছাত্রদলের ওপর প্রথমে হামলা করেছে। গ্রাফিতি মুছে ‘গুপ্ত’ লেখায় তারা হামলা করে। তারা যদি গুপ্ত না হয়, তাহলে তাদের কেন গায়ে লাগল!

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি ও সদস্য সচিব নাজিমুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, সিটি কলেজে গত মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চিহ্নিত একটি ‘গুপ্ত’ গোষ্ঠী বর্বরোচিত ও পরিকল্পিত হামলা চালিয়েছে। তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশ যখন একটি সুস্থ গণতান্ত্রিক ধারায় অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে দেখা করেন সাদিক কায়েম। নগরের লালদীঘি এলাকায় পুলিশ সদর দপ্তরে তিনি পুলিশ কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন। এতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের জন্য ছয় দফা দাবি জানানো হয়।

সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে কলম মিছিল : চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদলের সংঘর্ষের প্রতিবাদে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কলম মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বুধবার বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত