তিতাসের সাঁড়াশি অভিযান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ এএম

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভারের নিজস্ব ব্যবস্থাপনায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে অভিযান চালানো হয়। এতে বকেয়ার কারণে মেসার্স তিতাস ফুড প্রোডাক্ট, মেসার্স আপন হোটেল, মেসার্স রাজধানী বেকারি, মেসার্স প্রতীক এপারেলস, মেসার্স শাহীন বেকারি ও মেসার্স সোলনা ফুড প্রোডাক্টসের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

একই দিনে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির জোনাল বিক্রয় অফিস-জয়দেবপুর আওতাধীন পূর্ব চতর, যৌথ মহল্লা, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এতে আনুমানিক ৮০ দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ আনুমানিক ৩২০ ফুট পাইপ জব্দ ও ২জন আবাসিক গ্রাহককে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির নারায়ণগঞ্জ আওতাধীন বাগানবাড়ি, উত্তর আজিবপুর এবং ভূমি পল্লী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ৪টি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালানো হয়েছে। এতে বকেয়া, অতিরিক্ত চুলা এবং সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় প্রায় ৫০টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নসহ ৯০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। এ ছাড়া আবাসিক সংযোগ থেকে কারখানায় (খাজা লাইমস) গ্যাস ব্যবহার করায় আবাসিক সংযোগ ও কারখানার সংযোগ উভয়ই বিচ্ছিন্নসহ বাতিল করা হয়েছে। এ সময় দুজন আবাসিক গ্রাহকের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত