প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে তা সম্পূর্ণ অবৈতনিক ও বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি চার থেকে ১৩ বছর বয়সী শিশুর জন্য এই বিশেষ শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রাথমিক শিক্ষার পরিধি বাড়িয়ে ক্লাস এইট পর্যন্ত নিয়ে যেতে চাই। মূলত শিশুকে বুনিয়াদি শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সালে প্রণীত শিক্ষানীতিতেও অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালে একটি নতুন শিক্ষাক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হয়। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সেই শিক্ষাক্রম বাতিল করে। বর্তমানে শিক্ষার্থীরা পুনরায় ২০১২ সালের পুরনো শিক্ষাক্রমে ফিরে গেছে।
