ইসরায়েলি হামলায় লেবাননে ধ্বংস ৫০ হাজার ঘরবাড়ি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

লেবানন সরকার জানিয়েছে দেশটিতে ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে।

লেবাননের ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্টিফিক রিসার্চের (সিএনআরএস) প্রধান চাদি আবদাল্লাহ জানান, সংঘাতের শুরুর দিকেই দ্রুত এই ধ্বংসযজ্ঞ বাড়তে থাকে।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, যুদ্ধের প্রায় ৪৫ দিনের মধ্যেই ১৭ হাজার ৭৫৬টি আবাসিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয় এবং ৩২ হাজার ৬৬৮টি ক্ষতিগ্রস্ত হয়।

গত ২ মার্চ সংঘাত তীব্র হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ লেবাননের শহর ও গ্রামজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে।

লেবাননের পরিবেশমন্ত্রী তামারা জেইন বলেন, ইসরায়েলি হামলার প্রভাব কেবল সাম্প্রতিক সংঘাতে সীমাবদ্ধ নয়, এটি দীর্ঘ সময় ধরে চলা ধ্বংসযজ্ঞের অংশ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত যে আগ্রাসন চলেছে-যা বাস্তবে কখনোই থামেনি, তা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধ্বংস রেখে গেছে।’

তিনি আরও জানান, এই বিস্তৃত সময়ে ২ লাখ ২০ হাজারের বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

জেইন বলেন, ইসরায়েলি হামলায় আবাসিক এলাকা, বেসামরিক অবকাঠামো ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কৃষিজমি ও বনাঞ্চলেও ব্যাপক ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত