বালু উত্তোলন-গাছ কাটার অপরাধে ৪ জনের কারাদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:০১ পিএম

নীলফামারীর ডোমারে অবৈধ বালু উত্তোলন ও গাছ কাটার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালুসহ তিনটি ট্রাক্টর ও ট্রলি জব্দ করা হয়। উপজেলার বন বিভাগের সংরক্ষিত এলাকায় চিলাহাটির গোঁসাইগঞ্জে বুধবার (২২ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দীন।

দণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে তিনজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বিওপি বাজার এলাকার বাচ্চা বাউ, গোঁসাইগঞ্জের পাবনাপাড়া এলাকার শহিদুল ইসলাম, একই এলাকার হেলাল উদ্দিন ও চিলাহাটি মুন্সিপাড়া এলাকার মনজুরুল ইসলাম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন বলেন, গোঁসাইগঞ্জ বন বিভাগের সংরক্ষিত এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও গাছ কেটে আসছিল। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তাদের আটক করা হয়। এছাড়া বালুসহ দুটি ট্রাক্টর ও একটি মহেন্দ্র গাড়ির ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত বালু ও যানবাহনগুলো সরকারি বিধি অনুযায়ী নিলামে তোলা হবে।

অভিযানে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র, র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২, ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত