নীলফামারী সদরের একটি বিদ্যালয়ে তিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মোহাম্মদ মিলন হোসেন (৩৭) নামে এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির তিন ছাত্রী বই নিতে আসে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্মচারী মিলন হোসেনকে তাদের বই দেওয়ার দায়িত্ব দেন। পরে তিনি ছাত্রীদের বিদ্যালয়ের গোডাউন ঘরে নিয়ে যান এবং সেখানে তাদের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ উঠে।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীরা বিষয়টি শিক্ষক ও অভিভাবকদের জানায়। বুধবার (২২ এপ্রিল) সকালে অভিভাবক ও স্থানীয়রা বিদ্যালয়ে এসে অভিযুক্তের কাছে ব্যাখ্যা চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। এতে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর অঞ্জন রায় বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বিদ্যালয় কর্তৃপক্ষও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, শ্লীলতাহানির অভিযোগে মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাচার হাতুড়িপেটায় ভেঙেছে হাত, শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিল বিথী