গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মিয়ার উদ্দিন (৫০) ও আকাশ মিয়া (৪)। নিহত মিয়ার উদ্দিন উপজেলার মালেকাবাগ এলাকার আব্দুর রহমানের ছেলে ও শিশু আকাশ মিয়া কাটাবাড়ি এলাকার প্রবাসী মিন্টু মিয়ার ছেলে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আকাশ মিয়াসহ কয়েকজন শিশু সড়কের পাশে খেলা করছিল। এসময় বেলা ৩ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি যানবাহন আকাশ মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আকাশ মিয়া মারা যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। এরআগে ভোরে একই সড়কের কাটাবাড়ি ইউনিয়নের মালেকা বাদ গ্রামের মিয়ার উদ্দিন অজ্ঞাত একটি যানবাহন চাপায় মারা যান। ফজরের নামাজ জন্য মসজিদে যাওযার সময় একটি দ্রুতগামী যানবাহন চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওসি মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হবে।
