যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ২ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় একজন গ্রেপ্তার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ এএম

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে এবং ঘটনার রহস্য উন্মোচনে বর্তমানে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা শুক্রবার (২৪ এপ্রিল) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি অবহিত করার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক তৎপরতা শুরু হয়। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিখোঁজ শিক্ষার্থীদের বর্তমান অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারে এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত করতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস সরাসরি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। পাশাপাশি মিয়ামি কনস্যুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছে। 

এরই মধ্যে মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ক‍্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সাধারণ শিক্ষার্থী এবং নিখোঁজ শিক্ষার্থীদ্বয়ের বন্ধুদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছেন। একই সঙ্গে তিনি তদন্তকারী পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দূতাবাস ও কনস্যুলেট বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পর্যবেক্ষণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত