উচ্চশিক্ষায় প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম

বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে । প্রযুক্তি, অর্থনীতি, সামাজিক এবং স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ জীবন ও শিক্ষার প্রতি ক্ষেত্রে নানাভাবে প্রভাব ফেলছে। যার মধ্যে, উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হিসেবে বিবেচিত। অতীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো মূলত তাত্ত্বিক শিক্ষা এবং দীর্ঘদিন একই সিলেবাসের উপর নির্ভর করত। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন শিক্ষার্থীরা চায়,  তাদের শেখা জ্ঞান বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজে লাগাতে সক্ষম হোক। পাশাপাশি কর্পোরেটে যারা নিয়োগকর্তা আছেন, তারাও চান শিক্ষার্থীরা যেন কিছু ব্যবহারিক কাজ কর্ম শিখে আসে। যাতে করে দ্রুত কর্মস্থলে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই পরিবর্তনের ফলে উচ্চশিক্ষা একটি নতুন রূপান্তরের মুখোমুখি হয়েছে। তবে সরকারী চাকরির জন্য এই এই ধারণা ভিন্ন। কারণ সরকার নিজের প্রয়োজনে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে। বিশ্বব্যাপী উচ্চশিক্ষা গুরুত্বপূর্ণ রূপান্তরের মুখোমুখি। গত কয়েক বছরে বিশ্বব্যাপী ঘটে যাওয়া বৈশ্বিক পরিবর্তন, বিশেষ করে স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক সংকট, বিশ্ববিদ্যালয়গুলোর প্রথাগত শিক্ষার কাঠামোকে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখিয়েছে।

কর্মক্ষেত্রে প্রবেশের পর অনেক শিক্ষার্থী বুঝতে পারে, তাদের অর্জিত ডিগ্রি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নয়। ফলে শিক্ষাব্যবস্থা এবং শ্রমবাজারের মধ্যে একটি ফাঁক তৈরি হয়েছে, যা অর্থনৈতিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। এই ফাঁক পূরণ করতে, বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলো ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ঘটানোর দিকে মনোযোগ দিচ্ছে। অভিজ্ঞ পেশাজীবীদের শিক্ষাদানে অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারে। ব্যবসা, প্রযুক্তি, আইন, প্রশাসন—প্রতিটি ক্ষেত্রে এই উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বাড়াচ্ছে এবং কর্মসংস্থানের সম্ভাবনাও শক্তিশালী করছে। আগে যেখানে শিক্ষা নির্দিষ্ট সময় ও স্থানের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা অনেকটা মুক্ত। শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্সে অংশ নিতে পারছে। এটি শিক্ষাকে অন্তর্ভুক্তিমূলক করেছে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। তবে প্রযুক্তিনির্ভর শিক্ষার সীমাবদ্ধতা রয়েছে। অনেক উন্নয়নশীল দেশে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ, ডিভাইস এবং প্রযুক্তিগত দক্ষতার অভাবে পুরো সুবিধা নিতে পারছে না। ফলে শিক্ষায় নতুন ধরনের বৈষম্য সৃষ্টি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাশিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায় খুলেছে। চ্যাটজিপিটি সহ বিভিন্ন এআই টুল শিক্ষার্থীদের শেখার পদ্ধতিকে দ্রুত, সহজ এবং কার্যকর করছে। গবেষণা, বিশ্লেষণ এবং লেখালিখিতে এআই-এর ব্যবহার বাড়ছে। ফলে শিক্ষার্থীরা কম সময়ে বেশি কাজ করতে পারছে এবং নতুন ধারণা উদ্ভাবন করতে পারছে। তবে এটি নতুন চ্যালেঞ্জও এনেছে। শিক্ষার্থীরা যদি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তাদের সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রযুক্তি শিক্ষাকে সমর্থন করবে, কিন্তু শিক্ষার্থীর মৌলিক চিন্তাশক্তি বিকাশের সুযোগ হ্রাস করবে না।

মানসিক স্বাস্থ্য উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ ইস্যু। প্রতিযোগিতা, সামাজিক চাপ এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা শিক্ষার্থীদের ওপর গভীর প্রভাব ফেলছে। বিভিন্ন জরিপে দেখা গেছে যে, শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, বিষণœতা এবং মানসিক চাপের হার উদ্বেগজনক। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে এবং একটি সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা মানসিকভাবে সুস্থ থাকলে তাদের শেখার কার্যকারিতা বৃদ্ধি পায় এবং তারা সমাজের জন্য আরও অবদান রাখতে পারে।বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি আগের তুলনায় ভিন্ন। তারা প্রযুক্তিনির্ভর, দ্রুত তথ্যপ্রাপ্ত এবং বৈশ্বিকভাবে সংযুক্ত। মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশগত টেকসইতা তাদের কাছে গুরুত্বপূর্ণ। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এই মূল্যবোধগুলো প্রতিফলিত হয়। শিক্ষার্থীরা কেবল চাকরি অর্জনের জন্য নয়, বরং সমাজে কার্যকর ভূমিকা রাখার জন্য শিক্ষা চায়। উচ্চশিক্ষা এখন কেবল পেশাগত দক্ষতা নয়, সামগ্রিক বিকাশের মাধ্যম। এখানে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, নতুন ধারণা তৈরি করতে পারে এবং সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। এটি শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়ন এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য। শুধুমাত্র প্রযুক্তি বা নীতিমালার ওপর নির্ভর করে শিক্ষাকে শক্তিশালী করা সম্ভব নয়।

মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তাশক্তিকে কেন্দ্রবিন্দুতে রেখে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। উচ্চশিক্ষার রূপান্তর বাস্তবায়ন করতে হলে, শিক্ষার্থীদের দক্ষতা, মানসিক স্বাস্থ্য এবং মানবিক মূল্যবোধের সমন্বয় নিশ্চিত করতে হবে। শিক্ষাব্যবস্থা যদি কেবল চাকরি প্রস্তুতির মাধ্যম হয়, তবে তা সমাজের জন্য পূর্ণাঙ্গ অবদান রাখতে পারবে না। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা প্রযুক্তিগত দক্ষ, মানবিক মূল্যবোধসম্পন্ন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। উচ্চশিক্ষা বর্তমানে একটি রূপান্তরমূলক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক করতে পারলেই এটি শিক্ষার্থীর ব্যক্তিগত উন্নয়ন এবং সমগ্র সমাজের অগ্রগতির জন্য কার্যকর হতে পারে। এখন পরিবর্তন গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা অপরিহার্য। এই নতুন যুগে উচ্চশিক্ষা যদি বাস্তবমুখী, প্রযুক্তিনির্ভর এবং মানবিকভাবে সমৃদ্ধ হয়, তাহলে তা শুধুমাত্র শিক্ষার্থীর জন্য নয়, বরং সমগ্র দেশের জন্য এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। তথ্য ও প্রযুক্তি হাতের মুঠোয়, একজন শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ে আগের মত চোখ বন্ধ করে ভর্তি হচ্ছে না, তারা ভালো করে খবর নিচ্ছে, সে যেখানে পড়তে চায়, সেখানে কি কি সুবিধা আছে, যেমনঃ বিদেশী ডিগ্রী ধারী শিক্ষক কত জন আছে, ডক্টরেট শিক্ষক কতজন আছেন, অন্যান্য কাঠামোগত সুবিধা কি কি আছে সেগুলো তারা আজ জানতে চায়। শিক্ষাকে ক্লাসরুমের বাইরে আনতে হবে, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠাতে হবে, তিন মাস শুধু ইন্টার্ণ করলেই হবে না। প্রতিটি কোর্সের সাথে একটা করে অফিস ভিজিট এর সুযোগ রাখতে হবে।

লেখক :  ব্যাংক কর্মকর্তা ও  লেখক

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত