সংঘাত নয়, শান্তি ও আলোচনার আহ্বান পোপ লিও চতুর্দশের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত করে যুদ্ধ বন্ধে পুনরায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। তিনি মনে করেন, ঘৃণা ও বিভেদ নয়, বরং শান্তি ও সম্প্রীতির সংস্কৃতি চর্চাই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।

সম্প্রতি এক সফর শেষে দেশে ফেরার পথে বিমানের অভ্যন্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন হওয়া উচিত কি না, সেটি এই মুহূর্তের প্রধান প্রশ্ন নয়। বরং আলোচনার মূল বিষয় হওয়া উচিত—কীভাবে সাধারণ ও নির্দোষ মানুষের প্রাণহানি না ঘটিয়ে মানবিক মূল্যবোধগুলোকে সমুন্নত রাখা যায়।

যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে পোপ লিও বলেন, একজন ধর্মগুরু হিসেবে আমি কখনোই যুদ্ধের পক্ষে দাঁড়াতে পারি না। আমি সংশ্লিষ্ট পক্ষগুলোকে এমন পথ খোঁজার অনুরোধ জানাই যা ঘৃণা বা বিভাজন থেকে নয়, বরং শান্তি ও সৌহার্দ্য থেকে উৎসারিত।

ইরানে সাম্প্রতিক সময়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোপ সব ধরনের অন্যায্য কাজের নিন্দা জানান। তিনি স্পষ্টভাবে মৃত্যুদণ্ড প্রথার বিরোধিতা করে বলেন, আমি মানুষের জীবন কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়ার বিরোধী। আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এবং তা সম্মান পাওয়ার যোগ্য।

বক্তব্যের শেষে পোপ লিও চতুর্দশ গুরুত্বারোপ করেন যে, মাতৃগর্ভে ভ্রূণ অবস্থা থেকে শুরু করে স্বাভাবিক মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। পারস্পরিক আলোচনার মাধ্যমেই বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত