গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এতে ইজিবাইকের আরো ৫ যাত্রী আহত হন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানাগেছে, বাবার ইজিবাইকে করেই বাবার সাথে বাড়ি যাচ্ছিল তিন বছরের সামিউল। কিন্তু, জীবিত অবস্থায় আর তার বাড়ি ফেরা হলো হলো না। পথিমধ্যেই সড়ক দূর্ঘটনার শিকার হয় তাদের ইজিবাইকটি। ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে আড়পাড়ার দিকে যাচ্ছিল ইজিবাইকটি। এসময় ফকিরকান্দি এলাকায় ইজিবাইকটি মোড় ঘুরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সামিউল মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু সামিউল আলিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।
