জাতীয় বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষায় বসছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির পরীক্ষা হবে আজ শনিবার। ৩১টি বিষয়ে ভর্তিচ্ছু ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। ৮৮০টি কলেজে স্নাতকে (সম্মান) শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সারা দেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হবে। বেলা ১১টায় শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা হবে দুপুর ১২টা পর্যন্ত। গতকাল শুক্রবার রাজধানীর ধানম-িতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তিসংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

তিনি জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি। সরকারি কলেজে আবেদন জমা পড়ে ৩ লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান তিনি। এর মধ্যে রয়েছে শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে পরিবর্তন আনা, ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু করা, আগামী বছরের মধ্যে সেশনজট শূন্যে আনা ইত্যাদি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম প্রমুখ। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগে এসএসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হতো। গত বছর থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত