জামায়াত এমপির গাড়িতে হামলায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে। এ মামলায় ৬০ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এমপি মাসুম মোস্তফার গাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় শুক্রবার রাত সোয়া ২টার দিকে মামলাটি করেন মাসুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম জানান, এজাহারভুক্ত এক আসামিসহ এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ঘটনার দিন বিকেলে একটি মাদরাসার উদ্বোধন শেষে ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলেন এমপি মাসুম। পাম্পে তেলের অপেক্ষায় থাকা কয়েকটি মোটরসাইকেল দেখে তাদের সমস্যার কথা জানতে গাড়ি থামান তিনি। কথা শেষে পাম্পের নামাজের নির্ধারিত স্থানে মাগরিবের নামাজ আদায় করতে যান। কিছুক্ষণ পর হট্টগোল শুনে বেরিয়ে দেখেন ৫০ থেকে ৬০ জন লাঠিসোঁটা ও রড দিয়ে তার গাড়ি ভাঙচুর করছে। এ সময় এমপির সঙ্গে থাকা কয়েকজনকেও হামলা করা হয়েছে। পরে নিরাপত্তা নিশ্চিতে পাম্পের নামাজখানায় আশ্রয় নেন মাসুম মোস্তফা।

বাদী আরও অভিযোগ করেন, এমপি মাসুমকে হত্যার উদ্দেশ্যে প্রধান আসামির নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে জয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আবু তাহের তালুকদার পান ৭৯ হাজার ৪১২ ভোট।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত