বিরোধীদলের সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধীদল সরকারের বিরুদ্ধে কথা বলবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এটিকে সবসময় নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বিরোধীদলকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আজ শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের প্রায় ছাতিয়ানপাড়া এলাকায় খাল খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিরোধীদল সবসময় সরকারের ভুলত্রুটি তুলে ধরবে—এটাই স্বাভাবিক। তবে বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গঠনমূলক ভূমিকা রাখা উচিত।

তিনি আরও বলেন, জনগণ বিএনপির ইশতেহারকে সম্মান জানিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে দল যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে কাজ চলছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন ভাতা, কর্মসংস্থান সৃষ্টি, বৃক্ষরোপণ এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ ছাড়া আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পোশাক ও স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। এমন উন্নয়ন করা হবে যাতে জনগণ আবারও ধানের শীষে ভোট দেয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রায় এক কিলোমিটার খাল খনন কাজ বাস্তবায়ন করা হবে, যা আগামী ৪০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এতে প্রায় দেড়শ বিঘা জমির ফসল রক্ষা পাবে।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন এলাকায় খাল খনন, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত