যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে হামলার হুঁশিয়ারি ইরানের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ‘সেন্ট্রাল হেডকোয়ার্টার্স অব হজরত খাতাম আল-আম্বিয়া’।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের সামরিক কমান্ড জোর দিয়ে বলেছে, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রস্তুত। দেশটির সেনাবাহিনী ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধের’ (থার্ড ইমপোজড ওয়ার) সময় ইতোমধ্যে তাদের এই শক্তি ও আক্রমণাত্মক ক্ষমতার আংশিক প্রমাণ দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা অত্যন্ত সজাগ এবং সংকল্পবদ্ধ। এ অঞ্চলে শত্রুদের গতিবিধি ও আচরণের ওপর আমরা নজর রাখছি এবং কৌশলগত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। যদি আবারো কোনো আগ্রাসন চালানো হয়, তবে আমেরিকান-জায়নবাদী শত্রুদের আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে ফেলতে আমরা প্রস্তুত।

সূত্র : আল-জাজিরা

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত