বগুড়া নগরবাসীর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশন উৎসব পালিত হয়েছে। শনিবার (২৫এপ্রিল) বিকেল সোয়া ৫টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংস্কৃতিক ফোরাম এ আয়োজন করে। উৎসবে বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি ডা. শাহ মো. শাজাহান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, গাবতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহজাহান রিপন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাহিন, সাবেক কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, তৌহিদুল ইসলাম বিটু, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার উন্নয়ন জিয়া পরিবার ছাড়া কেউ করেনি। তাই আমাদের সবাইকে জিয়া পরিবারের পাশে, তারেক রহমানের পাশে থাকতে হবে। দেড়শো বছরের পুরাতন বগুড়া পৌরসভাকে তারেক রহমান সিটি করপোরেশন ঘোষণা করেছেন। আমরা তার প্রতি চির কৃতজ্ঞতা জানাই। এই বগুড়ার উন্নয়নে যতবার টেন্ডার হয়েছে ততবার হিংসায় ফ্যাসিস্ট হাসিনা তা বাতিল করেছে। বগুড়ার মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে। ধীরে ধীরে বগুড়া সকল উন্নয়ন সাধিত হবে। মাগরিবের নামাজের দেশের ১৩তম ‘বগুড়া সিটি করপোরেশন’ হওয়ায় ১৩ বার তোপধ্বনি দেয়া হয়। এরপর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানে বগুড়ার শিল্পীরা নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করেন।