প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণা, গ্রেপ্তার ৪

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ এএম

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তাররা হলেন সিফাত আহমেদ সজিব, সালমান, মো. মেছবাউল আলম মাহিন ও মহিদুজ্জামান মুন্না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ তথ্য জানান।

সিটিটিসি জানায়, গত ২০ এপ্রিল সামাজিকমাধ্যম মনিটরিংয়ের সময় ‘এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আশুলিয়ার জিরাবো তাঁজপুর এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট থানা এলাকায় নিজ বাড়ি থেকে সালমানকে গ্রেপ্তার করা হয়। একই দিনে দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার দাদনপুর মালিপাড়া সংলগ্ন স্থান থেকে মেছবাউল আলম মাহিনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ থানার নওগাঁ ইউনিয়নের শাহ শরীফ জিন্দানী (রহ.) মাজারসংলগ্ন এলাকা থেকে মহিদুজ্জামান মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, গ্রেপ্তারদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে প্রশ্নফাঁস সংক্রান্ত প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এতে পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হওয়ার পাশাপাশি সমাজে উদ্বেগ ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা ছিল। এ ঘটনায় ডিএমপির রমনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্র দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। তাদের দেওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই বলেও সিটিটিসি জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত