সাপের কামড়ে নারীর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:২০ এএম

নাটোরের বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পান্না বেগম ওই গ্রামের জিন্নাত আলীর মেয়ে এবং মো. আব্দুর রহমানের স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে পান্না বেগম বাড়ির পাশের চায়ের দোকান খোলার জন্য যান। দোকানের সামনে ঝাড়ুদেওয়ার সময় হঠাৎ কোনো একটি প্রাণী তার ডান হাতের একটি আঙুলে কামড় দেয়। সাপে কামড় দিয়েছে সন্দেহ করে পরিবার ও স্থানীয়দের জানান পান্না। এ সময় দোকান ঘরের আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সাপ পাওয়া যায়নি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ৭টার দিকে তার স্বামী মো. আব্দুর রহমান তাকে অটোভ্যানে করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক পান্না বেগমকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পান্না বেগমকে বিষধর সাপে কামড় দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত