সড়কে প্রাণ গেল ৪ জনের

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:১৯ এএম

ভোরে পিকআপযোগে তিন নারীসহ পাঁচ সবজি বিক্রেতা রাঙ্গামাটি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে সাপ্তাহিক হাট কুতুকছড়ি বাজারে যাচ্ছিলেন সবজি কেনার জন্য। তারা সবজি কিনে রাঙ্গামাটি শহরের বিভিন্ন বাজারে বিক্রি করেন। কিন্তু পাঁচজনের মধ্যে চারজনকেই এই যাত্রায় মৃত্যুবরণ করতে হলো। রাঙ্গামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি একজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। আহতদের মধ্যে চালকসহ দুজন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টায় মানিকছড়ির আর্মি ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার মেঘরানী চাকমা (৪৫), রাঙ্গামাটি শহরের আমানতবাগ এলাকায় সান্ত¡না চাকমা (৩৮), রাঙ্গামাটি শহরের বিজয়নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকছড়ি খাড়া সড়ক দিয়ে নামার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই কয়েক দফা উল্টে যায়। এ সময় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চালকসহ ছয়জনের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং তিনজনকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাদের মধ্যে শোভা চাকমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়। চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন।

স্বজনরা জানান, প্রতি রবিবার সাপ্তাহিক হাটে তারা কুতুকছড়ি বাজারে গিয়ে সবজি সংগ্রহ করে রাঙ্গামাটি শহরের কলেজ গেট, দেবাশীষ নগরসহ বনরূপা বাজারে বিক্রি করতেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে তিনজন মৃত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত