বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের ইন্তেকাল

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ এএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, প্রখ্যাত চিকিৎসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (৭৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস কেবল একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে সক্রিয় ছিলেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। গতকাল বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত