জিয়ানগরে বিদ্যালয় চলাকালে শিক্ষিকাকে পিটিয়ে আহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

পিরোজপুরের জিয়ানগরে বিদ্যালয় চলাকালে এক শিক্ষিকাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ১৩ নম্বর ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে বসে ছেলেদের খেলাধুলার জার্সি খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে সহকারী শিক্ষিকা আসমা আক্তার ও হালিমা সুলতানার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক উত্তেজনায় রূপ নিলে আসমা আক্তার বেতের লাঠি দিয়ে হালিমা সুলতানাকে এলোপাতাড়ি বেত দিয়ে আঘাত করেন। এতে তিনি আহত হন। ঘটনাস্থলে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা আসমা আক্তারের বিরুদ্ধে এর আগেও সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। একবার তিনি বিদ্যালয়ের এক পুরুষ শিক্ষককে জুতা দিয়ে মারতে উদ্যত হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া সহকর্মীদের সঙ্গে প্রায়ই তিনি দুর্ব্যবহার ও অশোভন আচরণ করেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আহত শিক্ষিকা হালিমা সুলতানা গণমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত আসমা আক্তার বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে হালিমা সুলতানা আমাকে আঘাত করতে এলে আত্মরক্ষার্থে আমি তাকে দুই-একটি আঘাত করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

জিয়ানগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, আমি ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত