বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া দক্ষিণপাড়া গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু বাংড়া দক্ষিণপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে নুর আয়েশা (৩)।
স্বজনরা জানায়, আজ রবিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলতে খেলতে পাশের ডোবায় পড়ে পানিতে তলিয়ে যায়। আত্মীয় স্বজন অনেক খোজাঁখুজি করেও শিশুটিকে পায়নি। এমনকি তারা ডোবার পানিতে বাচ্চাকে খোঁজ করে। এর ঘন্টাখানেক পর বাচ্চার চাচা শাজাহান ডোবার পানিতে বাচ্চাটির হাত ভেসে থাকতে দেখে।
শিশুটির আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বাড়িতে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২নং গাড়িদহ মডেল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য জিল্লুর রহমান বলেন, এমন ঘটনা হৃদয়বিদারক। বাবা-মাসহ পরিবারের সদস্যদের আরো সচেতন হওয়া জরুরি।
এ বিষয়ে শেরপুর থানার এসআই শাহাদত হোসেন বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর ঘটনাটি আমরা জেনে ঘটনাস্থলে যাই। কারো কোনো অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।