পাকিস্তানের পথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

আবারো পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আরাগচি শিগগিরই ইসলামাবাদের উপকণ্ঠে নূর খান বিমানঘাঁটিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। একটি ইরানি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, পাকিস্তানে স্বল্প সময়ের জন্য বিরতি নেওয়ার পর আরাগচি রাশিয়া সফরে যাবেন।

পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। এ উদ্যোগকে আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। অন্য কথায়, তাঁরা আশা করছেন কূটনৈতিক প্রক্রিয়ায় ধাপে ধাপে কিছু অগ্রগতি হতে পারে এবং এটি অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

এর আগে আরাগচির নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধিদল গতকাল পাকিস্তান সফর করে। প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক শেষে ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ছেড়েছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানসহ কয়েকটি দেশ।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে একে আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, আরাগচির আবার ইসলামাবাদে আসাটা এটাই তুলে ধরছে যে, আলোচনার চেষ্টা ভেস্তে যায়নি বরং এটা কূটনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল ইসলামাবাদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। পরে তিনি ওমান সফরে যান। ওমানে আরাগচি দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনার ফলস্বরূপ তিনি আজ রবিবার ইসলামাবাদে ফেরার পরিকল্পনা করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত