প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় শেষ যে গানটি রেকর্ড হতে দেখেছেন তার মধ্যে একটি ‘মেঘলা আকাশ’। অপু আমানের সুর-সংগীতে গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন দিঠি ও অপু। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে বলে জানালেন দিঠি। আগামী ঈদের আগেই দিঠির নতুন ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। দিঠি বলেন, ‘আব্বু তার জীবদ্দশায় এই গানটি রেকর্ড হতে দেখেছেন। যে কারণে এই গানটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। যেহেতু আব্বু অপুকে ভীষণ স্নেহ করতেন এবং তিনি নিজেই অপুকে ডেকে কয়েকটি গান দিয়েছিলেন সুর করার জন্য, তার মধ্যে অন্যতম মেঘলা আকাশ। অপু এত চমৎকার সুর করেছে যে, গানটা শুনলেই মনটা ভালো হয়ে যায়। সত্যি বলতে কী এই প্রজন্মে যারা গান গায় তাদের মধ্যে অপু আমার খুব প্রিয় একজন শিল্পী। তার কম্পোজিশনও এককথায় অসাধারণ। আমি অপুকেই মিউজিক ভিডিও করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সে তার প্রোডাকশন হাউজ থেকেই এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আমি খুব আশাবাদী।’
অপু আমান বলেন, ‘আমার গানের জীবনে এটাই পরম সৌভাগ্য যে, আমি শ্রদ্ধেয় গাজী আঙ্কেলের লেখা গানের সুর-সংগীত করতে পেরেছি। তিনি আমাকে নিজে ডেকে গানের সুর করতে বলেছিলেন। তারই প্রয়াণের দুদিন আগেও তারই সামনে বসে গানের সুর করার সুযোগ হয়েছিল আমার। এমন সৌভাগ্য সত্যিই কজনেরই বা হয়। মেঘলা আকাশ-গানটির বাণীর সঙ্গে সমন্বয় করেই গানটির সুর করার শতভাগ চেষ্টা করেছি। আমি খুব আশাবাদী গানটি নিয়ে। দূর আকাশে চাচার কাছে এই গানের সুর পৌঁছে যাবে বলেই আমার বিশ্বাস।’