শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে কঠোর নিরাপত্তা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ এএম

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে রাজধানীর হযরত শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। গতকাল সোমবার বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার সর্বক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি। তারপরও আগাম সতকর্তা নেওয়া হয়েছে। প্রত্যেকটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়। আমরা মাঝে মাঝে এই নিরাপত্তাব্যবস্থা নিই।’ তিনি আরও বলেন, ‘যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না সেগুলোকেও রাতের বেলাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।’ ‘পুলিশ সদর দপ্তর যে চিঠি দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এমনটি না, আমরা মাঝেমধ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করি। এরই অংশ বলা যায়। তিনি আরও বলেন, ‘সিকিউরিটি পার্সন ছাড়া বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিতে যেকোনো ঘাটতি না করা হয় সেজন্যও আমরা বলেছি। শাহজালাল বিমানবন্দরের নানা স্থানে এন্ট্রি পয়েন্ট সেগুলোতেও নিরাপত্তা ঘাটতি যেন না থাকে তার জন্য বলা হয়েছে। কোথাও কোনো ধরনের অস্বাভাবিক চোখে পড়লে দ্রুততার সঙ্গে সেটি মোকাবিলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত