হামে মৃত্যু ৯০০ ছাড়াল

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০২:০৫ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে গত কয়েক মাসে হামজনিত মৃত্যু হয়েছে ৯০২ জনের।

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এর আগে হামে কখনো এত মৃত্যু হয়নি। এবারই হামে এত শিশুর প্রাণহানি হলো। হামের প্রকোপ শুরুর পর সরকার তড়িঘড়ি করে ২ কোটির বেশি শিশুকে টিকা দিলেও এখনো থামছে না সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিনও মৃত্যু হচ্ছে। আক্রান্তও হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ২০০-এর মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৭২৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ৭০ জনের। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ৭৮৯ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা যাওয়া ৯০২ জনের মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। বাকি ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জন। হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জনের। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, সিলেটের দুজন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৪ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৪১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত