ঢাবিতে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুইজ ফেস্ট

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম

‘Curiosity Beyond Borders’- প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২ থেকে ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২য় আন্তর্জাতিক কুইজ ফেস্ট-২০২৬’। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস)। 

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সাদমান মুজতবা রাফিদ, সাধারণ সম্পাদক অর্নব রায় পার্থ এবং প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, ‘পিকিউআরইসি প্রেজেন্টস ২য় ডিইউকিউএস ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট ২০২৬’-এ বিশ্বের বিভিন্ন দেশের কুইজাররা অংশ নিতে পারবেন। ইতোমধ্যে বাংলাদেশসহ অন্তত আটটি দেশের অংশগ্রহণকারীরা নিবন্ধন সম্পন্ন করেছেন।

তিন দিনব্যাপী এই আয়োজনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক সেগমেন্টের পাশাপাশি উন্মুক্ত মেগা কুইজ, থিম্যাটিক কুইজ এবং আন্তর্জাতিক সেগমেন্ট অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সেগমেন্টগুলোতে নির্ধারিত ফি-এর বিনিময়ে অংশগ্রহণ করা যাবে, তবে আন্তর্জাতিক সেগমেন্টে কোনো ফি রাখা হয়নি। 

আয়োজকরা জানান, প্রতিটি সেগমেন্টে বিজয়ী ও রানারআপদের জন্য নগদ অর্থ পুরস্কার এবং শীর্ষ দলগুলোর জন্য সার্টিফিকেট ও অন্যান্য সম্মাননা থাকবে। পুরো আয়োজনজুড়ে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে তারা বলেন, আগামী ২৯ এপ্রিল দুপুর ৩টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে নিবন্ধন করা যাবে। বিকাশ ও রকেটের মাধ্যমে অংশগ্রহণ ফি পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে আন্তর্জাতিক সেগমেন্টের প্রিলিমিনারি রাউন্ড ২৯ এপ্রিল রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত পর্ব ২ মে গুগল মিটে আয়োজন করা হবে। অন্যদিকে ইন্টার-স্কুল, ইন্টার-কলেজ ও ইন্টার-ইউনিভার্সিটি সেগমেন্টের বাছাই ও ফাইনাল রাউন্ড টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। মেগা ও থিম্যাটিক কুইজ একই ভেন্যুতে এক রাউন্ডেই সম্পন্ন হবে।

আয়োজকরা আরও জানান, অনুষ্ঠানে কুইজ মাস্টার হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘কুইজকুইজ’-এর উপস্থাপক ফেরদৌস বাপ্পি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনটি উদ্বোধন ও পরিদর্শন করবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত