রাজাপুরে ইলিশের পোনা নিধনে ৩ জনের কারাদণ্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পিএম

ঝালকাঠির রাজাপুরে ইলিশের পোনা নিধনের অপরাধে দুই জেলে ও এক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—পাশের নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত জয়নাল হাওলাদারের ছেলে মো. নিজাম হাওলাদার (৫০), মো. সাহেব আলী সিকদারের ছেলে মো. আক্কাস সিকদার (৪০) এবং রাজাপুর উপজেলার পূর্ব ইন্দোপাশা এলাকার মো. মানিক হাওলাদারের ছেলে মো. রফিকুল ইসলাম।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার দুপুর প্রায় ২টার দিকে ইউএনও রিফাত আরা মৌরি বিষখালী নদীর বাদুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ বেহুন্দি জাল দিয়ে ইলিশের পোনা নিধনের সময় হাতেনাতে দুই জেলেকে আটক করা হয়। অভিযানে চারটি বেহুন্দি জাল জব্দ করা হয়। পাশাপাশি এক বিক্রেতাকেও আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আক্কাস সিকদারকে এক বছরের কারাদণ্ড এবং অপর দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, বিষখালী নদীতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত