ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ২ হাজার ৭৫৯          

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোট পরেছে ২ হাজার ৭৫৯। মোট ভোটার ২১ হাজার ৭৩১ জন।  বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায়  ঝড়-বৃষ্টির বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে সমিতি ভবনে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত তা চলে। এবার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল অংশ গ্রহণ করেনি বা করতে পারেনি। দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে নির্বাচন করা বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবীরা এবার একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছে। 

বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থক আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা ‘নীল প্যানেলে’ এবং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ১১ দল সমর্থকরা আইনজীবী ঐক্য পরিষদ বা ‘সবুজ প্যানেলে’ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৩টি পদে প্রার্থী হয়েছেন মোট ৫৫ জন। তাদের মধ্যে ২৩ জন করে ৪৬ জন প্রার্থী বিএনপি ও জামায়াত সমর্থিত প্যানেলের, বাকি ৯ জন স্বতন্ত্র। সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে দুই দিনে ভোট দেবেন ২১ হাজার ৭৩১ জন আইনজীবী।জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য বা নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।অপর দিকে জামায়াত-এনসিপি সমর্থিত ১১ দলীয় জোটের সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বক্কর সিদ্দিক লড়ছেন।চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম নির্বাচন হচ্ছে ঢাকা বারে। 

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবার নির্বাচনে অংশ নেয়নি।আওয়ামী লীগ সমর্থক একাধিক আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ ছিল। তাদের নিকট নমিনেশন ফরম বিক্রি না করায়  নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে আওয়ামীলীগ  পন্থী অধিকাংশ আইনজীবী ভোট দেওয়া থেকে বিরত ছিল, তাদেরকে ভোট কেন্দ্রের আশেপাশে দেখা যায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪-২৫ মেয়াদে সর্বশেষ ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে জয়ী হয় আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেল। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন। সেই পরিস্থিতিতে ওই বছরের ১৩ অগাস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। এতদিন সেই অ্যাডহক কমিটিতেই চলছিল সমিতির কাজ।প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন। তার নেতৃত্বে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত