মানিকগঞ্জের হরিরামপুরে প্রেমঘটিত একটি অভিযোগের তদন্তে আটক মাহিম নামে এক যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়। মাহিম উপজেলার দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্ধারমানিক এলাকায় প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে মাহিমের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন। এর ধারাবাহিকতায় শুক্রবার রাত ৯টার দিকে এসআই মো. ফারুক শেখের নেতৃত্বে কনস্টেবল মো. নজরুল ইসলাম ও কনস্টেবল শফিকুল ইসলাম আন্ধারমানিক এলাকায় অভিযান চালান। তাকে আন্ধারমানিক বাজার থেকে আটক করা হয়।
পরে মাহিমের হাতে হাতকড়া পরিয়ে তাকে থানায় নেওয়ার জন্য পুলিশ সদস্যরা থানার গাড়িতে রওয়ানা হন। পথে আন্ধারমানিক বাজার থেকে পুলিশ বহনকারী গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান মাহিম। তখনও তার হাতে হাতকড়া ছিল।
হরিরামপুর থানার এসআই মো. ফারুক শেখ বলেন, মাহিমকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। তখন তার হাতে হাতকড়া ছিল না। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। সমাধান হয়ে গেছে।’