ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ আসনের মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীর নাম গেজেট আকারে আজ বৃহস্পতিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।
মঈন উদ্দিন খান বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে বৈধ ৪৯ প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে ৫৩টি মনোনয়নপত্র জমা পড়লেও যাচাই-বাছাই শেষে ৪৯ জন বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী রয়েছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা : বিএনপির ৩৬ প্রার্থী হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
জামায়াত জোটের ১২ জন হলেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জি. মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জি. মাহবুবা হাকিম। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতানা জেসমিনও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
অন্যদিকে একটি আসনের ফল আপাতত স্থগিত রয়েছে। ওই আসনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি জানিয়েছে, ৪৯ জনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়ার মূল ধাপ সম্পন্ন হবে।
