প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের আহ্বান  আইজিপির

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ এএম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। বর্তমানে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ৯টি অ্যাপস ও সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

ডিএমপির উদ্বোধনী সফটওয়্যারগুলো হলো এআই বেজড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম, হোটেল বোর্ডার ইনফরমেশন সিস্টেম, হ্যালো ডিএমপি অ্যাপ, ডিএমপি অনলাইন ট্রেনিং সিস্টেম, ডিএমপি রেসিডেন্স অ্যালোকেশন সিস্টেম, ডিএমপি লিভ ম্যানেজমেন্ট সিস্টেম, ডিএমপি ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, ডিএমপি এমপ্লয়ি পারফম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ডিএমপি ট্রাফিক নিউজ আর্কাইভ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইজিপি বলেন, রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এ ছাড়া হোটেল অকুপ্যান্সি ইনফরমেশন সিস্টেম নগরীর আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও নিরাপদ করবে। ফলে অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার হবে।

তিনি বলেন, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ জনগণ ও পুলিশের মধ্যে আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবাগ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন, যা জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইজিপি বলেন, এসব উদ্যোগ পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারের মাধ্যমে সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, ইতোমধ্যে ঢাকা শহরের প্রায় ৭০টি স্থানে সড়ক ও ক্রসিং উন্নয়ন করে যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় স্পিড ক্যামেরা, ভিডিও মামলা, ডিজিটাল ডাটাবেজ সংযুক্তি এবং ড্রাইভারদের বিরুদ্ধে পয়েন্টভিত্তিক ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চালু হয়েছে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এক্সপ্রেসওয়েতে নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, নতুন উদ্যোগের অংশ হিসেবে ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ, সিটিজেন ম্যানেজমেন্ট সিস্টেম, ভেহিকল ট্র্যাকিং, সাইবার সাপোর্ট সেন্টারসহ একাধিক ডিজিটাল সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নাগরিকদের পাঠানো ভিডিও যাচাই করে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীতে একটি প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও কার্যকর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত