শ্রীপুরে ৫ ঘোড়া জবাই, একজনের ১৫ দিনের কারাদণ্ড

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে ৫টি ঘোড়া জবাই করার দায়ে একজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়েছে।

গত বুধবার (২৯ এপ্রিল) ১১টার দিকে পৌরশহরের ২নং সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই সন্ধ্যা রাতে ঘোড়ার শরীরের বিভিন্ন অংশসহ এক ব্যক্তিকে আটক করে রাখে লোকজন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ওই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম। এ সময় আটক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. ডালিম মিয়া (৪০)। তিনি পৌরসভার ৬ নম্বর ওর্য়াডের বেড়াইদেরচালা গ্রামের শামসুদ্দীনের ছেলে। এই এলাকায় তারা জমি কিনে বাড়ি করে বসবাস করছেন। 

এলাকাবাসী জানান- স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে (মো. ডালিম মিয়া) ঘোড়ার মাথা ও নাড়িভুঁড়ি চামড়াসহ বুধবার সন্ধ্যারাতে আটক করে। পরে খবর পেয়ে সেখানে প্রাণীসম্পদ অফিসের লোকজন চলে আসে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কর্মকর্তারা জানতে পরেন যে, তার সঙ্গে যুক্ত আরো কয়েকজন মিলে ঘোড়া জবাই করেছিলেন। এ কাজ তারা দীর্ঘদিন ধরে করছেন। জবাই করা ঘোড়ার মাংস স্থানীয় ও দূরদূরান্তের এলাকায় গরুর মাংস বলে বিক্রি করতেন। তার সঙ্গে থাকা অপর দুজন ঘোড়া জবাইয়ের পর মাংস নিয়ে গেছে। ফেলে রেখে গেছে ঘোড়ার মাথা, চামড়া, নাড়িভুঁড়িসহ বিভিন্ন অংশ। সেগুলো তিনি ফেলে দিতে যাওয়ার সময় ভ্যানসহ লোকজন তাকে আটক করেন।

শ্রীপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুরর্শেদ মুরাদ জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত ডালিম মিয়াকে ১৫ দিনের জেল (কারাদণ্ড) ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার হওয়া ঘোড়ার মাথা ও শরীরের অন্যান্য অংশ মাটিচাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান আছে। আমরা নিয়মিত সব জায়গায় খোঁজ রাখছি যেন ঘোড়া জবাইয়ের কোনো ঘটনা না ঘটে। স্থানীয় লোকজনও সচেতন আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত