বগুড়ায় আইনজীবীর ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পিএম

বগুড়ায় আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল্লাহীল জুবাইরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় বগুড়া জেলা জজকোর্টের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালনকালে এ দাবি জানানো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আইনজীবীরা কঠোর কর্মসূচি, এমনকি আদালত বর্জনের মতো পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

এ সময় বক্তব্য রাখেন বার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক পান্না, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসিফ, বগুড়া বার ‘ল’ ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ সমিতির সিনিয়র-জুনিয়র সদস্যরা।

মামলা সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইরকে কাজের কথা বলে মোবাইলে ডেকে বাড়ির গেট থেকে তুলে নেয় সন্ত্রাসীরা। পরে তাকে একটি বাড়িতে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারালে হামলাকারীরা তাকে শহরের মাটিডালি রোডের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ১০০ ও ৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

পরে এক সিএনজি চালক পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাকে উদ্ধার করে প্রথমে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুল্লাহীল জুবাইর বাদী হয়ে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শহরের কামারগাড়ী এলাকার টয়োটা মোটরসের প্রোপ্রাইটর মো. আবু নাসিরসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আইনজীবীরা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত