কাস্টমস কর্মকর্তা হত্যার আরও এক আসামির স্বীকারোক্তি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পিএম

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যা মামলায় গ্রেপ্তার আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল চারটার দিকে ইসমাইল হোসেন ওরফে জনি (২৮) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে জবানবন্দি দেন। আদালত সূত্র জানায়, রিমাণ্ডে তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে বেলা সাড়ে তিনটার দিকে ইসমাইলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেল পাঁচটার দিকে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

এর আগে একই ঘটনায় চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা হলেন ধর্মপুর এলাকার মো. সোহাগ (৩৪), মো. সুজন (৩২), আমড়াতলী এলাকার এমরান হোসেন ওরফে হৃদয় (৩৪) এবং আড়াইওড়া এলাকার রাহাত হোসেন ওরফে জুয়েল (২৭)। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ বলেন, ইসমাইলকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। গত রবিবার রাতে কুমিল্লা নগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব এই মামলার আসামিদের গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত