আরএসএফের প্রতিবেদন

গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান আরও পেছাল

আপডেট : ০১ মে ২০২৬, ০৫:৫৯ এএম

বিশ্বব্যাপী সংবাদমাধ্যম স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান আরও পিছিয়েছে। গত বছরের তুলনায় বাংলাদেশ তিন ধাপ নেমে ১৮০ দেশের মধ্যে ১৫২তম স্থানে রয়েছে। গত বছর এ সূচকে দেশের অবস্থান ছিল ১৪৯তম। গতকাল বৃহস্পতিবার ২০২৬ সালের এই সূচক প্রকাশ করেন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানিয়েছে, এমন এক প্রেক্ষাপটে এই সূচক প্রকাশ করা হয়েছে, যখন সংবাদমাধ্যমের ওপর রাজনৈতিক চাপ ক্রমশ বেড়ে চলেছে, কর্র্তৃত্ববাদী প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং গণমাধ্যমের বাজারও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ছে।

সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বের প্রায় ১০০টি দেশ ও অঞ্চলে সাংবাদিকতার পরিবেশে উদ্বেগজনক অবনতি দেখা গেছে। আরএসএফ জানিয়েছে, ১৮০টি দেশের মধ্যে অর্ধেকের বেশি দেশে সংবাদপত্রের স্বাধীনতার স্কোর কমেছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ইতিহাসে এবারই প্রথম অর্ধেকের বেশি দেশ ‘কঠিন’ বা ‘অত্যন্ত গুরুতর’ শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছে। আর গত ২৫ বছরে ১৮০টি দেশের গড় স্কোরও এবার সবচেয়ে নিচে নেমেছে।

আরএসএফ আরও বলেছে, ২০০১ সাল থেকে জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কঠোর আইনের বিস্তার এমনকি গণতান্ত্রিক দেশগুলোতেও তথ্যের অধিকার সীমিত করছে। গত এক বছরে সূচকের আইনি সূচকে সবচেয়ে বড় পতন দেখা গেছে, যা বিশ্বজুড়ে সাংবাদিকতাকে ক্রমশ অপরাধ হিসেবে দেখার প্রবণতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত